আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে। ১৪টি দলের অংশগ্রহণে এই আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সম্প্রতি জোহানেসবার্গে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আসন্ন চতুর্দশ এই আসরের ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। এই শহরগুলো হলো জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন।
জিম্বাবুয়েতে ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া। জিম্বাবুয়েতে ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। নামিবিয়ায় অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে।
বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে। এই দুই ভেন্যুর পাশাপাশি আগামী বছরের শুরুতে নামিবিয়াতেও বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার মূল ভেন্যুগুলোতে বাছাইপর্বের কোনো ম্যাচ রাখা হয়নি; কারণ ওই সময়ে দেশটিতে 'এসএ টি-টোয়েন্টি' টুর্নামেন্ট চলমান থাকবে।

মতামত (0)