আরাউহো ধারে লিভারপুলে, বার্সেলোনা ছাড়ছেন উরুগুইয়ান ডিফেন্ডার

আরাউহো ধারে লিভারপুলে, বার্সেলোনা ছাড়ছেন উরুগুইয়ান ডিফেন্ডার
আরাউহো ধারে লিভারপুলে, বার্সেলোনা ছাড়ছেন উরুগুইয়ান ডিফেন্ডার
উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো বার্সেলোনা ছেড়ে ধারে লিভারপুলে যাচ্ছেন। এক মৌসুমের জন্য এই চুক্তিতে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে।

উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো বার্সেলোনা ছেড়ে ধারে লিভারপুলে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে দলবদলের সব বিষয়ে সমঝোতা হয়েছে। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এক মৌসুমের জন্য আরাউহোকে ধারে নিতে বার্সেলোনার সঙ্গে লিভারপুলের সমঝোতার খবর জানিয়েছেন।

আরাউহোর ইতালিতে প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য যাওয়ার কথা ছিল। সেখানে উদিনেসে ও নটিংহাম ফরেস্টের সঙ্গে একটি টুর্নামেন্টে বার্সেলোনার খেলার কথা ছিল। তবে আরাউহো ইতালিতে না গিয়ে আজই লিভারপুলের উদ্দেশে উড়াল দেবেন বলে জানা গেছে। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, আগামী এক মৌসুমের জন্য আরাউহোর পুরো বেতন লিভারপুল বহন করবে। মৌসুম শেষে তাঁকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও চুক্তিতে রাখা হয়েছে। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় লিভারপুলের রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই আরাউহোকে দলে চেয়েছেন লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা।

আরাউহো বিশ্বকাপ থেকে চোট নিয়ে ফিরেছিলেন, তবে ধীরে ধীরে ফিটনেস ফিরে পেয়ে এখন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। বার্সেলোনায় ফ্লিকের প্রথম পছন্দের তালিকায় অবশ্য আরাউহো ছিলেন না। বার্সা কোচের মূল ভরসা পাউ কুবারসি ও জেরার্ড মার্তিনেস জুটি।

এ ছাড়া এরিক গার্সিয়া চোট সারিয়ে ওঠায় এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও একাডেমির তরুণ খেলোয়াড় আলভারো করতেস থাকায় মূল একাদশে আরাউহোর সুযোগ কমে আসছিল। গত মৌসুমে ক্রিস্টেনসেনের পর বার্সেলোনার ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন আরাউহো। চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ০-৩ ব্যবধানে হারের ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে তিনি দুই মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।

এত কিছুর পরও গত মৌসুমে তিনি চারটি গোল করেছেন। এর মধ্যে তিনটি গোলই দলকে জয় এনে দিয়েছে। জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোল (২-১), রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে একমাত্র গোল এবং আলবাসেতের বিপক্ষে কোপা দেল রের ম্যাচ জেতানো ২-১ গোলের শটটি তাঁর পা থেকেই এসেছিল।

বার্সেলোনা আশা করছে, প্রিমিয়ার লিগে নিয়মিত খেলে আরাউহো আত্মবিশ্বাস ফিরে পাবেন। পরে হান্সি ফ্লিকের অধীনে একাদশে জায়গা করে নিতে তিনি বার্সেলোনায় ফিরবেন। আরাউহোর দল ছাড়ার পর বার্সেলোনার নেতৃত্বেও আরেকটি পদ খালি হলো।

এর আগে জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে যোগ দিয়েছেন এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমিয়েছেন। আরাউহোকে ধারে পাঠালেও বার্সেলোনা রক্ষণ শক্তিশালী করার কাজ থামাচ্ছে না। নতুন মৌসুমের আগে রক্ষণে আরও শক্তি বাড়াতে চাইছে ক্লাবটি।

পাউ কুবার্সি ও এরিক গার্সিয়ার ওপর দায়িত্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে লিভারপুলের জন্য আরাউহোর যোগ দেওয়া বড় প্রাপ্তি হতে পারে। তাঁর গতি, হেডে দক্ষতা ও আগ্রাসী রক্ষণ লিভারপুলের খেলার ধরনের সঙ্গে ভালোভাবে মানানসই।

বিশেষ করে ভার্জিল ফন ডাইকের পাশে খেলে আরাউহো ছন্দ ফিরে পেতে পারেন। তবে এখনও কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে আরাউহোর এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেনি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...