আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন গত ৭ সেপ্টেম্বর দেশটির সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখন থেকে আয়ারল্যান্ডে নাগরিকত্বপ্রত্যাশীদের জন্য নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। আয়ারল্যান্ডের কাউন্টি অফলির টুলামোরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল ফিনা ফলের এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সরকার আয়ারল্যান্ডের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় এই প্রস্তাবগুলো নিয়ে চলতি সপ্তাহেই আলোচনা করতে যাচ্ছে।
তিনি জানান, এর মাধ্যমে আইরিশ নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে একটি ‘ভারসাম্য’ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে আয়ারল্যান্ডের বিচার, স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী জিম ও’ক্যালাহান জানিয়েছেন, ‘আইরিশ ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ গতকাল বুধবার আলোচনার জন্য আইরিশ মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে। মন্ত্রী জিম ও’ক্যালাহান মনে করেন, এই পরিবর্তন এক প্রজন্মের মধ্যে নাগরিকত্ব আইনের সবচেয়ে বড় সংস্কার।
নতুন পরিকল্পনায় একটি অন্যতম শর্ত হলো আইরিশ নাগরিকত্বপ্রত্যাশীদের অবশ্যই এখন থেকে দেশটিতে কমপক্ষে আট বছর ধরে বসবাস করতে হবে। এই সময়সীমা বর্তমান পাঁচ বছর থেকে বাড়ানো হচ্ছে।
এছাড়া আবেদনকারীদের একটি ভাষা পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে ইংরেজি ও আইরিশ ভাষার প্রাথমিক বিষয়গুলোর সঙ্গে পরিচিতি এবং আইরিশ নাগরিক-জ্ঞান বা ‘সিভিকস’ সম্পর্কে ধারণা থাকতে হবে। আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে, নাগরিকত্ব পেতে ইচ্ছুক ব্যক্তি আয়ারল্যান্ডে বসবাস করতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
অর্থাৎ, আবেদনের তারিখের আগের নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তিনি কোনো বিশেষ সামাজিক সুরক্ষা ভাতা বা সহায়তা গ্রহণ করেননি। আয়ারল্যান্ড ও সে দেশের মূল্যবোধ সম্পর্কে ধারণা এবং নাগরিকত্ব লাভের পাশাপাশি সমাজে অবদান রাখার সক্ষমতা নিশ্চিত করার বিষয়গুলোও এসব শর্তের অংশ হবে। ক্ষমতাসীন সরকারের মতে, এসব পরিবর্তন আয়ারল্যান্ডকে অন্যান্য ইউরোপীয় দেশের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে সহায়তা করবে।
এ সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, "আমাদের অভিবাসনব্যবস্থা এখন অনেক বেশি দৃঢ় ও শক্তিশালী; আশ্রয়প্রার্থীর সংখ্যা কমছে এবং গত ১২ মাসে তা হ্রাস পেয়েছে।" তিনি আরও জানান, "পাশাপাশি, আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটিও এখন অনেক বেশি দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে।"
অন্যদিকে অভিবাসনমন্ত্রী ও’ক্যালাহান জানিয়েছেন, পরবর্তী সংশোধনীগুলোর মাধ্যমে জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে নাগরিকত্ব বাতিলের জন্য মন্ত্রীর হাতে সুনির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হবে। নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়াটিকে দ্রুত ও সহজতর করার ব্যবস্থাও করা হবে।

মতামত (0)