পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে তারা একাত্তরের রূপ ধারণ করে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় জেলা বিএনপির ব্যানারে সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রশ্ন তোলেন, যারা ‘গ্যাস নেই, বিদ্যুৎ নেই’ স্লোগান দিয়ে লংমার্চ করছেন, তাদের এই লংমার্চ কী হিসেবে জায়েজ? তিনি বলেন, সরকার শপথ নেওয়ার দিন বিরোধী দল উপস্থিত ছিল না। গত ছয় মাস ধরে এমন কোনো দিন যায়নি, যেদিন তারা প্রতিবাদ বা আন্দোলনের হুংকার দেননি।
মন্ত্রী আরও বলেন, সংসদে বিরোধী দল কিছু সুন্দর কথা বললেও বাইরে তাদের চেহারা স্বাধীনতার সময়, একাত্তরের সময়ের রূপ ধারণ করে। তিনি বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সংসদীয় বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। আমির সাহেব প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি অশ্লীল মন্তব্যের বিচার চেয়েছিলেন এবং ইতরদের গ্রেপ্তারের আবেদন জানিয়েছিলেন বলে এ্যানি উল্লেখ করেন।
এ্যানি চৌধুরী পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে বলেন, পাটওয়ারী এতদিন তারেক জিয়া ও জিয়া পরিবারকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে তুই-তোকারি করে অশ্লীল ও অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন করেন, আমির সাহেব অথবা তার সঙ্গে ঐক্যবদ্ধ বিরোধী দলের সদস্যরা একবারের জন্যও তাকে বারণ করেননি কেন। তিনি রাজনৈতিক শিষ্টাচার না বোঝার জন্য এবং ফ্যাসিবাদী আচরণের জন্য এমন বক্তব্যকে দায়ী করেন।
সিফাত নামের এক ছেলের গ্রেপ্তারের বিষয়ে এ্যানি বলেন, সে কিছু অশালীন মন্তব্য করেছে। তিনি উল্লেখ করেন, আমির সাহেব সংসদে ভালোই ভালোই ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, আর গতকালের লংমার্চেও একই কথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, লংমার্চে ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে কথা বলা হয় এবং স্লোগান দেওয়া হয় ‘হৈ হৈ রৈ রৈ- এরা গেলি কই’।


মতামত (0)