খেলাধুলাবয়স জালিয়াতি: বিশ্বকাপজয়ী ক্রিকেটারসহ ৬৫ জন নিষিদ্ধ
বয়স জালিয়াতি: বিশ্বকাপজয়ী ক্রিকেটারসহ ৬৫ জন নিষিদ্ধ
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রোহিত যাদব ও বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ ৬৫ জন ক্রিকেটারকে বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ করা হয়েছে।
গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা লেগস্পিনার রোহিত যাদবকে বয়স জালিয়াতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের নথিপত্র যাচাই করার উদ্যোগ নিলে এই অনিয়ম ধরা পড়ে। রোহিতের প্রকৃত বয়সের সাথে দাখিল করা তথ্যে প্রায় ২৭ মাসের গরমিল পাওয়া গেছে।
একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বাঁহাতি পেসার রবি কুমারকেও নিষিদ্ধ করা হয়েছে। রবি কুমারের ক্ষেত্রে বয়সের হেরফের ৪০ মাসেরও বেশি ছিল। বয়সভিত্তিক পর্যায়ে অভিষেকের পর থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার অর্জিত সব রেকর্ড বাতিল বলে গণ্য হবে।
সিএবি মোট ৬৫ জন খেলোয়াড়কে বয়স জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত সব রাজ্য সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। রোহিত যাদবকে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নির্ধারিত ৫টি একদিনের ম্যাচ এবং দুটি একাধিক দিনের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
রোহিত যাদবের তিনটি ভিন্ন জন্মসালের তিনটি আলাদা জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে, যার জন্মসাল ২০০৭, ২০০৯ এবং ২০১০। রবি কুমার ২০২২ সালে বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন, তবে তাকে শেষবার মাঠে দেখা গেছে ২০২৩ সালে। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি রোধে বিসিসিআই অতীতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২০ সালে বোর্ড একটি 'ক্ষমা নীতি' চালু করেছিল। এই নিয়মে বলা হয়েছিল, কোনো নিবন্ধিত খেলোয়াড় নিজ থেকে বয়সের ভুল তথ্য স্বীকার করে সঠিক জন্মতারিখ জমা দিলে তিনি নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবেন।
তবে পরবর্তী সময়ে তথ্য গোপন করার বিষয়টি প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার বিধান ছিল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের জন্মসনদের পাশাপাশি স্কুল বা কলেজের শিক্ষাজীবন সংক্রান্ত যত বেশি সম্ভব নথিপত্র জমা দিতে হয়।
মতামত (0)