চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ‘দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্)-লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬’ শুরু হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং এলইবি-এর যৌথ আয়োজনে এই দুই দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নিচ্ছেন।
এই আয়োজনের মাধ্যমে তরুণরা আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, যুক্তিনির্ভর বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সমসাময়িক আইন ও সুশাসনবিষয়ক আলোচনার মাধ্যমে তরুণদের বাস্তবভিত্তিক আইনসভা কার্যক্রমের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি তরুণদের নেতৃত্ব, গবেষণা, আইনগত বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, নীতিনির্ধারণী সক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।



মতামত (0)