রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাসচালক সোহেল রানা (৪০), বাসের সুপারভাইজার সাজু (২৮) এবং হেলপার মনির (১৮)। স্কচটেপ দিয়ে মুখ আটকানো অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়েছিল।
র্যাব-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়। গত ৪ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়েছিল। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন, যিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ইসমাইল হোসেন জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পথিমধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়েছিল।
ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এই তদন্ত পরিচালিত হয়। এই তদন্তের মাধ্যমে বাসচালক সোহেল রানাকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।


মতামত (0)