এশিয়ান গেমসে নতুন চেহারার শ্রীলঙ্কা দল ঘোষণা

এশিয়ান গেমসে নতুন চেহারার শ্রীলঙ্কা দল ঘোষণা
এশিয়ান গেমসে নতুন চেহারার শ্রীলঙ্কা দল ঘোষণা
এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে, যা তাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে অনেকটাই ভিন্ন। সাহান আরাচ্চিগে দলের নেতৃত্ব দেবেন।

শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলটি ইংল্যান্ডে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা দলের থেকে অনেকটাই ভিন্ন। নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগকেই ছাড়াই পদক জয়ের অভিযানে নামবে শ্রীলঙ্কা।

দলের নেতৃত্ব দেবেন সাহান আরাচ্চিগে। সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে এই দলে মাত্র দুজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন নুয়ান থুশারা ও থারিন্দু রাত্নায়েকে।

ইংল্যান্ড সফরে চারিথ আসালাঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় মূল অধিনায়ক কুশাল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে ছিটকে পড়েছিলেন। এখন সেরে উঠে এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন ফার্নান্দো।

এই দলে চারজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। তারা হলেন টপ অর্ডার ব্যাটসম্যান সিনেথ জায়াওয়ার্দেনা, কিপার-ব্যাটসম্যান সোহান ডি লিভেরা, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ওয়ানুজা সাহান এবং পেসার গারুকা সানকেথ।

অনেক ক্রিকেটার দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ৩০ বছর বয়সী অলরাউন্ডার আরাচ্চিগে তার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালের এশিয়ান গেমসে। সেবারও তিনি দলের অধিনায়ক ছিলেন।

অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালে। এবার তিনি দলে ফিরেছেন।

২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট অন্তর্ভুক্ত হয়। এরপর তিনবার এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং শ্রীলঙ্কার পারফরম্যান্স মিশ্র ছিল। ২০১০ সালের গুয়াংজু আসরে তারা ব্রোঞ্জ জিতেছিল।

২০১৪ সালে ইনচন গেমসের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা স্বর্ণপদক জয় করেছিল। তবে ২০২৩ সালের হাংজু গেমস থেকে তারা কোনো পদক ছাড়াই ফিরেছিল। সেই আসরে ভারত সোনা, আফগানিস্তান রুপা ও বাংলাদেশ ব্রোঞ্জ পেয়েছিল।

এবারের আইচি ও নাগোয়া এশিয়ান গেমসে ১০ দলের আসর বসছে। শ্রীলঙ্কা আগামী মঙ্গলবার সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে। ছয় দলের প্রাথমিক পর্ব শেষে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে।

এশিয়ান গেমসের শ্রীলঙ্কা দল: সাহান আরাচ্চিগে (অধিনায়ক), লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, সিনেথ জায়াওয়ার্দেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্দু রাত্নায়েকে, ওয়ানুজা সাহান, বিজয়াকান্ত ভিয়াসকান্ত, দুশান হেমান্থা, নুয়ান থুসশারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...