চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। দলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে নাটকীয় এক জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড, যা চলতি মৌসুমের লিগে তাদের প্রথম জয়। বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোলের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
গত মঙ্গলবার ব্রামাল লেনে অনুষ্ঠিত এই ম্যাচে শেফিল্ড ইউনাইটেড দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। লিগ মৌসুমের প্রথম তিন ম্যাচ ড্র করার পর এই জয়কে সামনের পথচলার প্রেরণা হিসেবে দেখছে ক্লাবটি। হামজা চৌধুরী রাইট-ব্যাক হিসেবে শুরুর একাদশে সুযোগ পেয়ে পুরো ম্যাচ খেলেছেন।
ম্যাচের প্রথম মিনিটেই জাভিয়ের সিমন্সের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেড। তবে চতুর্থ মিনিটেই জাফেত তানগাঙ্গার গোলে দ্রুত সমতায় ফেরে তারা, যা খেলার উত্তেজনা বাড়িয়ে তোলে। প্রথমার্ধে শেফিল্ড খেলায় প্রভাব বিস্তার করলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
বিরতির পর ৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে বোল্টন ওয়ান্ডারার্স ফের ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এর এক মিনিট পরেই ৬৮তম মিনিটে প্যাট্রিক বামফোর্ডের গোলে আবারও সমতায় ফেরে হামজার দল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেল্লে ডোনোভানের গোলে শেষ হাসি হাসে শেফিল্ড ইউনাইটেড।
শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নশিপ লিগে এটিই ছিল হামজার প্রথম ম্যাচ। এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধারে এই ক্লাবের হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার এক বছরের চুক্তিতে পাকাপাকিভাবে নাম লিখিয়েছেন ক্লাবটিতে।
ম্যাচ শেষে নিজের প্রত্যাবর্তন নিয়ে হামজা চৌধুরী বলেন, "এখানে (ব্রামাল লেনে) আবারও ফিরতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। অবশ্যই এই রাতের ফলটা আমাদের জন্য বিশাল।" তিনি আরও যোগ করেন, "আমাদের মূল লক্ষ্য পরবর্তী পর্বে উত্তরণ। আমাদের এখানে এসে সেরা উপায়ে জবাব দেওয়া প্রয়োজন ছিল এবং সত্যি বলতে কী, ছেলেরা ঠিক সেটাই করেছে।"



মতামত (0)