খেলাধুলা

ইমরান খানের প্রতি আচরণে উদ্বিগ্ন বাংলাদেশি বন্ধু

ইমরান খানের প্রতি আচরণে উদ্বিগ্ন বাংলাদেশি বন্ধু
ইমরান খানের প্রতি আচরণে উদ্বিগ্ন বাংলাদেশি বন্ধু
বাংলাদেশি সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সরকারের আচরণকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সরকারের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আচরণকে ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করেছেন। ইমরান খানকে ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়ে তার সঙ্গে অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন আশরাফুল।

আশরাফুল হক বলেছেন, পাকিস্তানে দুর্নীতি দূর করার লক্ষ্যেই ইমরান খান রাজনীতিতে এসেছিলেন। জনগণের কাছ থেকে তার দেশ পরিচালনার স্পষ্ট ম্যান্ডেটও ছিল। এমন একজন মানুষকে অমানবিক পরিবেশে কারাগারে রাখা কোনো সভ্য দেশের কাছে কাম্য হতে পারে না।

বিবৃতিতে আশরাফুল হক আরও বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতার শামিল।

সৈয়দ আশরাফুল হক ইমরান খানের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিও তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে এসেছিলেন ইমরান খান। তখনই তাদের প্রথম পরিচয় হয়। সেই ম্যাচে ইমরান দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি সেঞ্চুরিও করেছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ইংল্যান্ডে পড়াশোনার সময়ও তাদের যোগাযোগ ছিল। আশরাফুল হক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে ইমরানের সঙ্গে দেখা করতেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় পাকিস্তানের সফরের সময়ও তাদের দেখা হয়েছে।

ইমরান খান রাজনীতিতে যোগ দেওয়ার পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল। রাজনৈতিক বিরোধের কারণে ইমরানের জীবন নিয়ে তিনি মাঝেমধ্যে শঙ্কিত থাকতেন বলেও জানিয়েছেন আশরাফুল। তবে ইমরান এসব নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না।

ইমরান খান আশরাফুল হককে বলতেন, ‘আমি যদি এভাবে মারা যাওয়ার জন্য নির্ধারিত থাকি, তাহলে এভাবেই মরব। এটা আল্লাহর ইচ্ছা।’

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি তোলা ইমরানের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেছেন আশরাফুল। ইমরানের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন আশরাফুল।

১৯৯০-এর দশকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ইমরানের পরিবারের সঙ্গে নৌভ্রমণের স্মৃতিও তার মনে আছে। এর আগে, সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ জানিয়ে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লিখেছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...