কারাবন্দী পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে এবার সোচ্চার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। বিশ্বের একঝাঁক সাবেক অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি একটি আবেগঘন বিবৃতি দিয়েছেন।
লারা তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে, ইমরান খানের সঙ্গে মাঠে তার মুখোমুখি সাক্ষাতের সুযোগ হাতে গোনা কয়েকবার হয়েছে। ওইটুকু সময়েই তার প্রতি লারার শ্রদ্ধা তৈরি হয়েছিল, যা চিরস্থায়ী। তিনি ইমরানের খেলোয়াড়ি জীবনের বর্ণিল সময়ে দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাব স্মরণ করেন।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক বিস্ময় প্রকাশ করে লিখেছেন, খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রদীপ ছিলেন, আজ তিনি কীভাবে এমন এক পরিস্থিতিতে পড়েছেন। সেখানে তিনি ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না বলে লারা উল্লেখ করেছেন। তার মতে, এটি মেনে নেওয়া সত্যিই কঠিন।
অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে সুর মিলিয়ে লারাও ইমরানের জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানিয়েছেন। একজন মানুষ হিসেবে যে মর্যাদা তার প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়, সেই আহ্বানও তিনি জানিয়েছেন। ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানান।



মতামত (0)