ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলোকে দক্ষ মানবসম্পদ, স্টার্টআপ ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব কেন্দ্রকে উদ্ভাবন, স্টার্টআপ ও দেশি-বিদেশি বিনিয়োগের কার্যকর কেন্দ্র হিসেবে রূপান্তর করতে হবে। শনিবার, ২২ আগস্ট, যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা মূল লক্ষ্য। তিনি প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে বলেন, কত ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হলো বা কতটি সনদ প্রদান করা হলো—তা সাফল্যের মাপকাঠি হতে পারে না। প্রশিক্ষণ শেষে একজন তরুণ চাকরি পেলেন কি না, ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে পারলেন কি না, কিংবা অর্জিত দক্ষতা বাস্তবে কাজে লাগাতে পারলেন কি না—তা মূল্যায়ন করতে হবে। আফটার কেয়ার বা পরবর্তী সহায়তা ব্যবস্থা রাখার ওপরও তিনি জোর দেন।
স্মার্ট বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে শুধুই চাকরিপ্রার্থী তৈরি না করে কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, এসব কেন্দ্রে উদ্যোক্তাদের জন্য মেন্টরিং, প্রযুক্তিগত সহায়তা, ব্যবসায়িক ধারণা যাচাই, পণ্য উন্নয়ন ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ও শিল্প সংগঠনগুলোকে এক ছাদের নিচে এনে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা হবে।


মতামত (0)