মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ এই স্থাপনায় হামলা চালাতে পারে। এর আগে এই স্থাপনায় যুক্তরাষ্ট্র একবার হামলা চালিয়েছিল।
ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত এই পর্বতের স্থানীয় নাম কুহ-ই কোলাং গাজলা। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়টির গভীরে শক্ত গ্রানাইটের কয়েক শ মিটার নিচে স্থাপনাটি তৈরি করা হয়েছে। ধারণা করা হয়, এর মূল কক্ষগুলো অন্তত ১০০ মিটার গভীরে অবস্থিত।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, পিকঅ্যাক্স পর্বতের পারমাণবিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। তবে পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ইরানের পরিচিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কায় পাহাড়ের ভেতরে এই অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি তৈরির পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। ইরান অবশ্য বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।
পিকঅ্যাক্স পর্বতের গুরুত্বের প্রধান কারণ হলো এটি এখনো অক্ষত রয়েছে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পিকঅ্যাক্স পর্বত অক্ষত ছিল। সে সময় শুধু খনন করা মাটি ও পাথরের স্তূপের কাছে একটি গাড়ি ধ্বংস হয়েছিল বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। চলমান যুদ্ধেও স্থাপনাটির বড় কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায় না।
বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে এই পাহাড়ের ভেতরের সুড়ঙ্গগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পিকঅ্যাক্স পর্বতের ভেতরের সুড়ঙ্গগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেন্ট্রিফিউজ তৈরি বা যন্ত্রাংশ সংযোজনের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত বছরের শেষ দিকে হাজার হাজার সেন্ট্রিফিউজ সেখানে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র এই তথ্য নিশ্চিত করেনি।


মতামত (0)