ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র স্পেন ও ইতালির মধ্যে তীব্র বিরোধের জেরে স্পেন এবার ইতালি থেকে আকাশ ও সমুদ্রপথে সব ধরনের যাত্রার ওপর সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। গতকাল গ্রিনিচ মান সময় মধ্যরাত থেকে এই সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর হয়েছে। এই ব্যবস্থা আগামী এক মাস জারি থাকবে।
ইতালি তাদের স্পেন সীমান্তের ওপর একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করার এক সপ্তাহ পর মাদ্রিদ এই পাল্টা ব্যবস্থা নিল। সম্প্রতি মরক্কো থেকে প্রায় ৭৮ হাজার অভিবাসী স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশ করার পর ইতালি তাদের স্পেন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। গত ৩০ জুলাই সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিলেন।
ইতালির সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত স্পেনকে ক্ষুব্ধ করে। গত শুক্রবার মাদ্রিদ রোমের কাছে দাবি জানায়, তারা যেন রোববারের মধ্যে তাদের আরোপিত সীমান্ত তল্লাশি ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রত্যাহার করে। স্পেন দাবি করে, সেউতায় প্রবেশ করা অভিবাসীদের শেনজেন অঞ্চলে প্রবেশের কোনো সুযোগই নেই, তাই ইতালির এই যুক্তির বাস্তব কোনো ভিত্তি নেই।
জবাবে রোম জানায়, অন্তত ১৫ আগস্ট পর্যন্ত তাদের এই ব্যবস্থা বহাল থাকবে। ইতালির আশঙ্কা, ওই সময় স্পেনের সেউতায় অভিবাসীদের নতুন একটি ঢল আসতে পারে। ইতালি সরকার আরও বলেছে, তারা কোনো সময়সীমা মেনে নেবে না এবং কোনো অবস্থাতেই স্পেন থেকে আসা তৃতীয় দেশের নাগরিকদের ক্ষেত্রে শেনজেন চুক্তির প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইচ্ছা তাদের নেই।
ইতালির সরকার জানিয়েছে, এই ব্যবস্থা অন্তত ১৫ আগস্ট পর্যন্ত অথবা ইতালির জন্য বিদ্যমান নিরাপত্তা ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত ঝুঁকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত বহাল থাকবে। ইতালীয় কর্মকর্তারা বলেছেন, সীমান্ত তল্লাশি পরিচালনাকারী স্থানীয় কর্তৃপক্ষ স্পেন ও ইউরোপের অন্যান্য দেশ থেকে স্পেন হয়ে ইতালিতে আসা যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ‘সম্ভব সবকিছুই’ করছে। ইতালিতে প্রবেশের সময় স্পেনের নাগরিকেরা অতিরিক্ত তল্লাশি থেকে অব্যাহতি পাবেন এবং এই অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা শুধু ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের বাসিন্দাদের জন্য প্রযোজ্য।


মতামত (0)