খেলাধুলাইয়ামালের অবিশ্বাস্য রেকর্ড: ১৯ বছর বয়সে ৫০ গোল
ইয়ামালের অবিশ্বাস্য রেকর্ড: ১৯ বছর বয়সে ৫০ গোল
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ১৯ বছর ৪৯ দিন বয়সে ৫০ পেশাদার গোলের মাইলফলক ছুঁয়েছেন, যা স্প্যানিশ ফুটবলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।
গতকাল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফুটবল বিশ্ব এক নতুন ইতিহাস দেখল। তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল এবং ব্রাজিলীয় উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনা ৫-২ ব্যবধানে রায়ো ভায়েকানোকে বিধ্বস্ত করেছে। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ ফুটবলে সব মিলিয়ে ৫০ গোলের এক অবিশ্বাস্য মাইলফলক গড়েছেন ইয়ামাল।
ম্যাচের শুরুতে অবশ্য ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল রায়ো। ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে এগিয়ে যায় অতিথিরা, যা বার্সেলোনাকে চমকে দেয়। তবে এই ধাক্কা সামলে উঠতে হান্সি ফ্লিকের শিষ্যদের বেশি সময় লাগেনি।
মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে ব্লউগ্রানারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। ১৯তম মিনিটে রাফিনিয়া স্বাগতিকদের সমতায় ফেরান। এর দুই মিনিট পর ২১তম মিনিটে ইয়ামাল ব্যবধান ২-১ করেন, যা চলতি মৌসুমে এই তরুণ উইঙ্গারের প্রথম গোল ছিল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়ে। ইয়ামাল এবং রাফিনিয়া দুজনেই তাদের জোড়া গোল পূরণ করেন। মাঝে রায়ো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী ভুলে গোল ব্যবধান আরও বৃদ্ধি পায়।
অন্যদিকে হারের ব্যবধান সামান্য কমাতে রায়োর হয়ে দ্বিতীয় গোলটিও করেন ক্যামেলো। এই জয়ের ফলে হান্সি ফ্লিকের দল টানা তিন ম্যাচ জিতে লিগ টেবিলের চূড়ায় উঠেছে। শেষ তিন ম্যাচে তারা প্রতিপক্ষের জালে মোট ১২টি গোল করেছে।
৫০ গোলের এই মহাকাব্যিক মাইলফলকে পৌঁছাতে ইয়ামালের বয়স লেগেছে মাত্র ১৯ বছর ৪৯ দিন। এর মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের (১৯ বছর ২৪৯ দিন) রেকর্ড ভেঙে দিয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেসও (২০ বছর ২২১ দিন) তার পেছনে পড়েছেন।
ক্লাব বার্সেলোনার ইতিহাসের পাতাতেও এটি একটি নতুন অধ্যায়। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে কাতালান ক্লাবটির এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। এবার সেই রেকর্ড ভেঙে ইয়ামাল নিজের করে নিলেন। ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও এত দ্রুত এই অর্জনে পৌঁছাতে পারেননি, মেসির ৫০তম গোলটি এসেছিল ২১ বছর ১২০ দিন বয়সে।
ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) এবং আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের দখলে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন ইয়ামাল। যার ১২৬টিতে তিনি শুরুর একাদশে ছিলেন। এই সময়ে তিনি ৫১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ৪৫টি গোল করিয়েছেন।
মতামত (0)