স্বাস্থ্য

মাসের শেষ দিকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু

মাসের শেষ দিকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু
মাসের শেষ দিকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। আজ শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য দেন। এসময় মন্ত্রী চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সরকারের উদ্যোগে ইতোমধ্যেই পর্যাপ্ত পরিমাণ হামের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য সব জেলায় প্রথম ধাপের হামের টিকাদান কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গত ছয় মাসে দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসাসেবার মান আগের তুলনায় বহুগুণ বেড়েছে বলে তার পরিদর্শনে দেখা গেছে।

সম্প্রতি দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, তিনি হাসপাতালগুলোতে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ হাসপাতালেও চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।

ড্রেনেজ ব্যবস্থা বা পরিচ্ছন্নতায় কোনো ধরনের ত্রুটি থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...