খেলাধুলা

মাস্তানতুয়োনোর হ্যাটট্রিকে ভাঙলো মেসির রেকর্ড

মাস্তানতুয়োনোর হ্যাটট্রিকে ভাঙলো মেসির রেকর্ড
মাস্তানতুয়োনোর হ্যাটট্রিকে ভাঙলো মেসির রেকর্ড
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো গতকাল রাতে হ্যাটট্রিক করে ফিওরেন্তিনাকে জয় এনে দিয়েছেন এবং ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিকের মেসির রেকর্ড ভেঙেছেন।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো গতকাল রাতে (শুক্রবার) ভেনেশিয়ার মাঠে হ্যাটট্রিক করে ফিওরেন্তিনাকে ৪-২ গোলের জয় এনে দিয়েছেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে লিগে এটি ছিল তাঁর প্রথম হ্যাটট্রিক এবং ফিওরেন্তিনার চলতি মৌসুমের প্রথম লিগ জয়। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করার লিওনেল মেসির রেকর্ড ভেঙেছেন।

মাস্তানতুয়োনো ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন। এর আগে ২০০৭ সালের মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৯ বছর ২৫৯ দিন বয়সে হ্যাটট্রিক করে এই রেকর্ডটি মেসির দখলে ছিল। মাউরো ইকার্দিও ২০১৩ সালে সাম্পদোরিয়ার হয়ে ১৯ বছর ৩৪৩ দিন বয়সে হ্যাটট্রিক করে মেসির রেকর্ডের কাছাকাছি পৌঁছেছিলেন।

মাস্তানতুয়োনো গত বছর আগস্টে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তখন তাঁকে আর্জেন্টিনার আরেক ‘বিস্ময় বালক’ হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে তারকায় ঠাসা রিয়ালের একাদশে গত মৌসুমে তিনি নিয়মিত জায়গা পাননি।

এই আগস্টে রিয়াল তাঁকে ধারে ফিওরেন্তিনায় পাঠায়। ইতালিয়ান ক্লাবটির হয়ে চলতি সিরি ‘আ’ মৌসুমের প্রথম তিন ম্যাচে তিনি বা ফিওরেন্তিনা কোনো জয় পায়নি। গতকাল রাতের ম্যাচে ২৯, ৩০ ও ৮৪ মিনিটে গোল করে এই অ্যাটাকিং মিডফিল্ডার তাঁর পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।

তাঁর প্রথম দুটি গোল ছিল লিওনেল মেসির মতোই ডান প্রান্ত দিয়ে কাট-ইন করে বাঁ পায়ের বাঁকানো শটে। রিভার প্লেটে থাকাকালীন বয়সভিত্তিক দলের হয়ে চারটি হ্যাটট্রিক করলেও পেশাদার ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি ছিল চলতি মৌসুমের নবম হ্যাটট্রিক।

চলতি মৌসুমে দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এই দুটো হ্যাটট্রিকই করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ওসাসুনার বিপক্ষে আলাভেসের লুকাস বয়ের অন্য হ্যাটট্রিকটি করেছিলেন। ফিওরেন্তিনার জার্সিতে মাস্তানতুয়োনোর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল নাপোলির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আরেক আর্জেন্টাইন জিওভানি সিমিওনে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...