অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে এর সঙ্গে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটি (এমসিআরএস) এই আলোচনার আয়োজন করে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বন্দরের পরিচালনার দক্ষতা বাড়াতে বিদেশি কোম্পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। কাস্টমস, আমলাতন্ত্র ও অবকাঠামোর সংস্কারের পাশাপাশি দেশীয় সক্ষমতা বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, "বিদেশি কোম্পানি আনার অর্থটা এটা শুধু অর্থনৈতিক নয়, এটার যে রাজনৈতিক–সামরিক মাত্রাটাও আছে, সেটাও আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।"
আনু মুহাম্মদ আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি স্বার্থের তৎপরতা নতুন নয়। ১৯৯৭ সালে এসএসএ নামের একটি মার্কিন কোম্পানিকে দীর্ঘ মেয়াদে বন্দর ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক-কর্মচারীদের আন্দোলন ও আইনি প্রক্রিয়ার কারণে সে উদ্যোগ বাস্তবায়িত হয়নি। সরকার বদলালেও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্তর্বর্তী সরকারের সময়ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপিওয়ার্ল্ডের কাছে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য তাড়াহুড়ো করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানির বড় অংশ নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ওপর নির্ভরশীল। এর নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়; এর সঙ্গে রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত বলে আনু মুহাম্মদ মন্তব্য করেন।
বিদেশি কোম্পানি এলে সক্ষমতা বাড়বে—এই যুক্তিরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশ নিজস্ব জাতীয় সক্ষমতা তৈরি করেই বন্দরকে শক্তিশালী করেছে। সরকারের সিদ্ধান্তে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির অভিযোগ তুলে আনু মুহাম্মদ বলেন, বন্দর নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেগুলোর বিশ্বাসযোগ্য জবাব দিতে হবে।
জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে নাগরিকদের সাংবিধানিক অধিকার অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের অতীতের আন্দোলনকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন। আনু মুহাম্মদ আরও বলেন, নিউমুরিং টার্মিনাল ইজারার চুক্তির সঙ্গে জড়িতরা যেন দেশ থেকে বের হতে না পারে।


মতামত (0)