খেলাধুলা

পুকোভস্কিকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

পুকোভস্কিকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া
পুকোভস্কিকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেটার উইল পুকোভস্কিকে কনকাশনজনিত কারণে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট ভিক্টোরিয়া। ২৬ বছর বয়সেই ১৩টি কনকাশনের কারণে তাকে অবসর নিতে হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেট ভিক্টোরিয়া ক্রিকেটার উইল পুকোভস্কির সঙ্গে একটি আর্থিক সমঝোতায় পৌঁছেছে। কনকাশন সংক্রান্ত দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার কারণে এই সমঝোতা হয়েছে। তবে সমঝোতার আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।

একসময় অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত পুকোভস্কিকে বারবার মাথায় আঘাত পাওয়ার কারণে মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে। খেলা ছাড়ার আগে তিনি মোট ১৩ বার কনকাশনের শিকার হয়েছিলেন। মাথায় আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব এখনো তাকে ভোগাচ্ছে।

২০২৪ সালের আগস্ট মাসে কনকাশন বিশেষজ্ঞদের একটি প্যানেল তাকে ক্রিকেট ছাড়ার পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শের ভিত্তিতে তিনি অবসরের সিদ্ধান্ত নেন। মাথায় বারবার আঘাত পাওয়ার প্রভাবে পুকোভস্কির এখনো দৃষ্টিসংক্রান্ত সমস্যা, মাথাব্যথা ও বমি বমি ভাব দেখা যায়।

এছাড়াও তার শরীরের বাঁ পাশ দিয়ে বিভিন্ন কাজ করতে সমস্যা হয় বলে জানা গেছে। ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামক মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও তার মধ্যে উদ্বেগ রয়েছে।

পুকোভস্কির মাথায় আঘাত পাওয়ার প্রথম ঘটনাটি ঘটেছিল ক্রিকেটের বাইরে। ২০১৪ সালে ১৬ বছর বয়সে ব্রাইটন গ্রামার স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনের সময় সতীর্থের হাঁটু তার মাথার পাশে আঘাত করে। সেই আঘাতে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।

তার অভিযোগ ছিল, আঘাতের কয়েক মিনিট পরই তাকে আবার অনুশীলনে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর তিনি দীর্ঘ সময় স্কুলে যেতে পারেননি এবং পরে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এই ঘটনার জন্য পুকোভস্কি পরে স্কুলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।

তিনি অভিযোগ করেন, সে সময় দায়িত্বে থাকা ব্যক্তিরা তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন। এরপর ক্রিকেটে এসেও তাকে বারবার মাথায় আঘাত পেতে হয়। ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।

সিডনিতে প্রথম ইনিংসে তিনি ৬২ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু এই দারুণ শুরুর পরও তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর এগোয়নি। শেফিল্ড শিল্ডের ম্যাচ বা অনুশীলনে কখনো বাউন্সার, কখনো অন্যভাবে মাথায় আঘাত পেয়ে তার খেলা বারবার থেমে যায়।

২০২৪ সালের শেফিল্ড শিল্ড মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর তিনি আর মাঠে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত তিনি ক্রিকেটই ছেড়ে দেন। চিকিৎসকদের পরামর্শে খেলা ছেড়ে দেওয়ার পরও পুকোভস্কি আইনি লড়াই চালিয়ে যান।

২০১৪ সালের স্কুল ফুটবলের সেই ঘটনার জন্য ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে করা মামলাটি চলমান ছিল। তার এই ঘটনা অস্ট্রেলিয়ার খেলাধুলায় কনকাশন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কোড স্পোর্টস জানিয়েছে, সম্প্রতি সিএ ও ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে পুকোভস্কির একটি গোপন আর্থিক সমঝোতা হয়েছে।

অস্ট্রেলিয়ায় ক্রীড়াক্ষেত্রে কনকাশন নিয়ে আইনি লড়াই এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিশ্বের অন্যান্য খেলাধুলাতেও একই ধরনের মামলা ও ক্ষতিপূরণের নজির রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) সাবেক খেলোয়াড়দের কনকাশন এবং দীর্ঘমেয়াদি মস্তিষ্কের ক্ষতি নিয়ে হওয়া মামলাগুলোতে এখন পর্যন্ত ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সমঝোতা করেছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...