শিক্ষকদের জন্য বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ: শেষ সময় ৩০ সেপ্টেম্বর
সম্পাদক৯ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
শিক্ষকদের জন্য বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ: শেষ সময় ৩০ সেপ্টেম্বর
মাধ্যমিকের সব শিক্ষককে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে। মাউশি ইউনিসেফের সহায়তায় এই কোর্স চালু করেছে।
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইউনিসেফের কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণ কোর্স চালু করেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত কোর্সটি শেষ করে সনদ ডাউনলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। শিক্ষকরা নিজেদের পিডিএস আইডি ব্যবহার করে কোর্সে লগইন বা রেজিস্ট্রেশন করতে পারবেন।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে। এরপর অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে বলা হয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী, এই অনলাইন ইন্টারঅ্যাকটিভ কোর্সটিতে মোট ছয়টি মডিউল রয়েছে।
কোর্সের ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি বাস্তব শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে শিক্ষকদের। এই কার্যক্রম সম্পন্ন করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করলে শিক্ষকরা একটি সনদ পাবেন। এই সনদে মাউশি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বাক্ষর থাকবে। শিক্ষকরা অনলাইন থেকে এই সনদ সংগ্রহ করতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই প্রশিক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষককে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনলাইনভিত্তিক শিক্ষাব্যবস্থা ব্যবহারে সচেতনতা ও সক্ষমতা বাড়াতেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত (0)