জাতীয়

সপ্তাহজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস

সপ্তাহজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস
সপ্তাহজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই সময়ে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর উল্লেখ করেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আজ রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কিছু অংশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এখনো বর্ষাকাল চলছে। বর্ষা শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময়ে। তিনি আরও বলেন, এই সময়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে, যা একদিক দিয়ে ভালো। এতে মানুষ ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফেনী জেলায়। এই সময়ে সেখানে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

তাপমাত্রার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। সপ্তাহজুড়ে কয়েক দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...