আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংকের ‘ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিলের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি ছোটখাটো গান যখন হিট হয়, তখন সেটি শত শত কোটি টাকার পণ্যে পরিণত হতে পারে। দেশের সৃজনশীলতা কাজে লাগিয়ে অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব।
সরকার সৃজনশীল অর্থনীতিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায়। অর্থমন্ত্রী জানান, এই খাতের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। এটি দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে এবং অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মধ্যে সৃজনশীলতা বিদ্যমান। বিশ্বের কিছু দেশের অর্থনীতিতে সৃজনশীল অর্থনীতির অবদান ১০ শতাংশ পর্যন্ত। বাংলাদেশ ২ থেকে ৩ শতাংশে এই অবদান নিতে পারলে অনেক মানুষ এই খাতের সঙ্গে যুক্ত হতে পারবেন।
দেশের খাবার, গান, সংস্কৃতি, থিয়েটার, চলচ্চিত্র এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সৃজনশীল কাজকে বৈশ্বিক বাজারে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, গ্রামগঞ্জে অনেক সৃজনশীল কাজ হচ্ছে, কিন্তু এতদিন সেগুলোকে অর্থনৈতিকভাবে কাজে লাগানো যায়নি। এই সৃজনশীল কাজগুলোকে যথাযথ সহায়তা দিয়ে বাজারযোগ্য পণ্যে পরিণত করতে হবে।
তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত মানুষের সৃজনশীলতাকে মূল্য সংযোজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী করা দরকার। এই প্রক্রিয়ায় তাদের কাজের অর্থনৈতিক গুরুত্ব বাড়বে।
থাইল্যান্ডের ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির উদাহরণ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, থাইল্যান্ডের গ্রামের মানুষ বাড়িতে বসে পণ্য তৈরি করেন এবং সরকারের সহায়তায় কাঁচামাল, দক্ষতা উন্নয়ন, নকশা ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেগুলো বিশ্ববাজারে বিক্রির উপযোগী করা হয়েছে। বাংলাদেশেও একই ধরনের সহায়তা কাঠামো গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, গ্রামের তৈরি পণ্য সংগ্রহ, প্যাকেটজাত ও বাজারজাত করার ব্যবস্থা করা গেলে সেগুলো সরাসরি বিদেশে পাঠানো সম্ভব। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।



মতামত (0)