অর্থনীতিআন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউর রোবোটিকস টিম, সংবর্ধনা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউর রোবোটিকস টিম, সংবর্ধনা অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। এই সাফল্যে গতকাল ক্যাম্পাসে সংবর্ধনা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)। এই উল্লেখযোগ্য সাফল্য উদযাপনে গতকাল বুধবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলটির এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউআইইউয়ের এরিয়াল রোবোটিকস টিম প্রথমবারের মতো অংশ নিয়েছিল।
এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউর এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) প্রথম বাংলাদেশি দল হিসেবে পোডিয়ামে স্থান করে নিয়েছে। ২০০৩ সাল থেকে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার এবারের আসরে মোট ৮১টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার প্রতিকূল আবহাওয়ায় ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউর ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে। দলটি সফলভাবে তাদের মিশন সম্পন্ন করে এবং বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
ইউএআরটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম উল্লেখ করেন, ইউএআরটির বিশ্বে চতুর্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। এটি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউ’র ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতামত (0)