স্বাস্থ্যডেঙ্গুতে একদিনে রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি, ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি, ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।
দেশে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে ডেঙ্গু রোগী ভর্তির এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নতুন রোগী ভর্তির মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৮২ জন। এর মধ্যে আগস্ট মাসেই ২৮ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে ঢাকা বিভাগে ২৮৭ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রাজশাহী বিভাগে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৭৯৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন। ডেঙ্গুর সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মতামত (0)