স্বাস্থ্যসিমলেস প্রযুক্তিতে পোলো শার্টের আধুনিকায়ন
সিমলেস প্রযুক্তিতে পোলো শার্টের আধুনিকায়ন
আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পুরুষদের পোলো শার্টে এসেছে নতুন ধারা, যা সিমলেস প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে। এটি আরাম, নমনীয়তা ও বহুমুখী ব্যবহারিক সুবিধা নিশ্চিত করছে।
পুরুষদের পোশাকে পোলো শার্ট দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। এটি টি-শার্টের চেয়ে পরিপাটি এবং ফরমাল শার্টের তুলনায় আরামদায়ক হিসাবে বিবেচিত। তবে বর্তমানে জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই পোশাকের চিরাচরিত ধারা বদলাচ্ছে।
তরুণ প্রজন্ম এখন স্টাইলের পাশাপাশি পোশাকে অতিরিক্ত আরাম, নমনীয়তা এবং বহুমুখী ব্যবহারিক সুবিধা খুঁজছে। এই চাহিদা পূরণে বাজারে আধুনিক 'সিমলেস পোলো শার্ট' জায়গা করে নিয়েছে। এই নতুন ধারার পোশাকে পোলোর ঐতিহ্যবাহী গঠনের সঙ্গে 'স্পোর্টসওয়্যার' বা 'পারফরম্যান্স' পোশাকের প্রযুক্তিগত আরাম যুক্ত হচ্ছে।
সিমলেস পোশাক প্রচলিত পোশাকের মতো আলাদা আলাদা কাপড় কেটে সেলাই করে তৈরি হয় না। এর পরিবর্তে বিশেষায়িত নিটিং প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়। এতে পোশাকে দৃশ্যমান ও ভারী সেলাইয়ের ব্যবহার কমে যায়, যা শরীরের সঙ্গে কাপড়ের ঘর্ষণ কমায় এবং নড়াচড়ায় বাড়তি স্বাচ্ছন্দ্য প্রদান করে।
কম সেলাইয়ের ছিমছাম গঠন পোশাকটিকে একটি আধুনিক রূপ দেয়। ফলে এটি 'টেইলর্ড ট্রাউজার', 'চিনো' বা 'ডেনিম'-এর সঙ্গে সহজেই মানানসই হয়। আধুনিক সিমলেস পোলো তৈরিতে রিসাইকেলড নায়লন, পলিয়েস্টারভিত্তিক সুতা ও 'স্ট্রেচ ফাইবার'-এর মিশ্রণ ব্যবহার করা হচ্ছে।
এই উপাদানগুলো পোশাককে হালকা রাখতে সাহায্য করে এবং দীর্ঘদিন সঠিক আকৃতি ধরে রাখে। গ্রীষ্মমণ্ডলীয় গরম ও আর্দ্র আবহাওয়ার উপযোগী করে এই পোলো শার্টগুলোতে কাপড়ের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
দেশেও এই ধরনের পোলো শার্ট তৈরি হচ্ছে। ২০১৫ সালে উর্মি গ্রুপের ফখরুদ্দিন টেক্সটাইল মিলসে পাঁচটি মেশিন নিয়ে দেশের প্রথম সিমলেস ইউনিট স্থাপন করা হয়েছিল। ছোট পরিসরে শুরু হলেও বর্তমানে ইউনিটটিতে ৭৮টি মেশিন রয়েছে এবং মাসে প্রায় ৭ লাখ পোশাক উৎপাদিত হচ্ছে।
এই পোশাকে 'ফোর-ওয়ে স্ট্রেচ' সুবিধা রয়েছে, যা শরীরের স্বাভাবিক নড়াচড়ার সঙ্গে কাপড়কে সবদিকে প্রসারিত হতে দেয়। এতে বাতাস চলাচলের উপযোগী 'মেশ স্ট্রাকচার' এবং ঘাম শোষণ করে দ্রুত শুকিয়ে নেওয়ার বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। একসময় শ্বাসপ্রশ্বাসযোগ্য কাপড় বা আর্দ্রতা সমন্বয়ের মতো বৈশিষ্ট্যগুলো কেবল খেলার পোশাকে সীমাবদ্ধ ছিল।
বর্তমানে এই বৈশিষ্ট্যগুলো দৈনন্দিন ফ্যাশনেও স্থান করে নিয়েছে। আরাম বিসর্জন না দিয়ে আধুনিক ও 'পারফর্ম্যান্স-ভিত্তিক স্টাইল' বজায় রাখা তরুণদের জন্য আরও সহজ হয়ে উঠেছে। উর্মি গ্রুপের জনসংযোগ, গণমাধ্যম ও কৌশলগত উপদেষ্টা তারিকুল সুমন এই তথ্য জানান।
মতামত (0)