ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দখল করে দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে। এই অগ্রগতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে হুতিদের অবস্থান আরও সুসংহত হয়েছে। একসময় তুলনামূলক বিচ্ছিন্ন একটি ধর্মীয় ও সামরিক সংগঠন হিসেবে পরিচিত হুতিরা বর্তমানে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণ করছে।
দেশটির উত্তরাঞ্চলের একটি বড় অংশও হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রাজধানী সানা অন্তর্ভুক্ত। হুতিরা শিয়া ইসলামের একটি শাখা জায়দি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি এবং জায়দিরা সেখানে সংখ্যালঘু সম্প্রদায়।
গত শতকের নব্বই দশকে জায়দি সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ তুলে হুতিরা প্রতিরোধ আন্দোলন শুরু করে। জায়দিদের বেশিরভাগই ইয়েমেনের দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চলে বসবাস করে। হুতিরা ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত, যার অর্থ ‘আল্লাহর সমর্থক’।
সংগঠনটির নামকরণ হয়েছে প্রয়াত ধর্মীয় নেতা বদরেদ্দিন আল-হুতির নামে। তাঁর ছেলে হুসেইনও এই আন্দোলনের নেতা ছিলেন এবং ২০০৪ সালে ইয়েমেনের সরকারি বাহিনীর হাতে নিহত হন। বদরেদ্দিনের আরেক ছেলে আবদুলমালিক পরবর্তীতে সংগঠনের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।
আবদুলমালিক জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বে উত্তর-পশ্চিমাঞ্চলের বিচ্ছিন্ন একটি গোষ্ঠী রাজধানী সানার নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হয়। একই সময়ে তারা একটি আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করে। বর্তমানে হুতিদের হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে।
এই যোদ্ধারা ইয়েমেনের দুর্গম ও পাহাড়ি এলাকায় লড়াইয়ের জন্য প্রশিক্ষিত এবং দীর্ঘদিনের যুদ্ধে অভিজ্ঞ হয়ে উঠেছে। ইয়েমেনের জনসংখ্যার একটি বড় অংশ যে এলাকাগুলোতে বসবাস করে, হুতিরা সেসব এলাকা নিয়ন্ত্রণ করে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এখনো দেশটির বেশি এলাকা নিয়ন্ত্রণ করে।
হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইয়েমেনের তেলসমৃদ্ধ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। তারা ইসরায়েলের জন্যও হুমকি সৃষ্টি করেছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা বারবার ইসরায়েলে হামলা চালিয়েছে।
২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত হুতিরা ইয়েমেনের তৎকালীন সরকারের বিরুদ্ধে ছয়টি যুদ্ধে লড়েছে। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা সৌদি আরবের সঙ্গেও লড়াই করেছে এবং সে সময় সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেছিল। ২০১২ সালে ইয়েমেনের তৎকালীন শাসক আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে হুতিরা অংশ নেয়, যা আরব বসন্তের বিক্ষোভের ধারাবাহিকতায় হয়েছিল।



মতামত (0)