আন্তর্জাতিককেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু
কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু
আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী রয়েছেন।
আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী রয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস গত রোববার এই তথ্য নিশ্চিত করেছে।
গত শনিবার গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়। ইনফোরপ্রেস জানিয়েছে, বাসে থাকা যাত্রীদের অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন কোনো স্থানীয় স্কুল করেনি। বাসচালক নিজ উদ্যোগেই প্রতি বছর এ ধরনের ভ্রমণের ব্যবস্থা করতেন।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম এখনও চলমান রয়েছে।
মতামত (0)