আন্তর্জাতিক

জেলেনস্কি: ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে

জেলেনস্কি: ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে
জেলেনস্কি: ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে। কিয়েভে ডোনাল্ড ট্রাম্পের দুই দূতের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে। গতকাল রোববার কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূতের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর এই প্রথম ইউক্রেন সফর করলেন। এর আগে গত শনিবার তাঁরা মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

যুদ্ধ শীতকাল পর্যন্ত চললে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতে সহায়তা প্রয়োজন হবে বলে জেলেনস্কি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে। জেলেনস্কি আরও বলেন, তিনি এমন একটি ন্যায়সংগত শান্তি চান, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়।

কিয়েভে গতকালের এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন উইটকফ। তিনি বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে এবং তিনি এটি নিয়ে বেশ আশাবাদী। ট্রাম্পের এই দূত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এখানে ভালো একটি সমাধান হবে।

তিনি আরও জানান, গত শনিবার মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে। মস্কোয় আলোচনা কেমন হয়েছে, জানতে চাইলে কুশনার বলেন, এখন পর্যন্ত যেসব প্রস্তাব ফলপ্রসূ হয়নি, সেসব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা করেছে। সেই সঙ্গে ‘দীর্ঘস্থায়ী শান্তির’ জন্য কী কী প্রয়োজন, তা নিয়েও ভাবা হয়েছে। কুশনার আরও বলেন, আলোচনা খুব ভালো হয়েছে। পুতিন অনেক প্রশ্ন করেছেন এবং তাঁরাও অনেক প্রশ্ন করেছেন। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ধারাবাহিক বৈঠকের বিষয়ে উইটকফ বলেন, তাঁরা প্রথমে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন কারণ তাঁর ভাবনা জানা দরকার ছিল।

মস্কোয় বৈঠকের পর কুশনার ও উইটকফের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা আকাশপথে পোল্যান্ডে যান। এরপর তাঁরা ট্রেনে চেপে সেখান থেকে কিয়েভে পৌঁছান। এ বিষয়ে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও মার্কিন দূতদের বহনকারী উড়োজাহাজ কিয়েভে অবতরণ করা সম্ভব হয়নি।

এই মার্কিন দূতদের সফর চলাকালে তিন দিনের জন্য পরস্পরের রাজধানীতে হামলা চালানো বন্ধ রাখতে পুতিন আর জেলেনস্কি সম্মত হয়েছেন। গতকাল কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের কাছে উইটকফ ও কুশনারকে স্বাগত জানান জেলেনস্কি। গত শুক্রবার ওই এলাকার কাছে একটি রুশ ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হেনেছিল।

গতকাল দুই পক্ষের কয়েক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই আলোচনায় বসবেন এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে কাজ করবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...