জাতীয়প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠিত হয়েছে।
২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ প্রিজন ভ্যান থেকে পালিয়েছে। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করবে। ঘটনার কারণ ও দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ঢাকা থেকে আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়া হচ্ছিল। পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চায়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে সে পালিয়ে যায়।
গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় আনা হয়েছিল। আদালতে হাজিরা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল। এ সময় নাওজোড় এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলে সে প্রিজন ভ্যান থেকে নামার সুযোগ পায়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়। পুলিশের সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
মতামত (0)