বিনোদনসাবা কামারের পুরোনো প্রেম: সহশিল্পীর প্রতি ছিল আসক্তি
সাবা কামারের পুরোনো প্রেম: সহশিল্পীর প্রতি ছিল আসক্তি
জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার সম্প্রতি লন্ডনে এক দাতব্য অনুষ্ঠানে তার অতীতের প্রেমের গল্প প্রকাশ করেছেন। তিনি জানান, কয়েক বছর আগে তিনি এক বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন।
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে তার ব্যক্তিগত জীবনের এক গোপন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। একটি দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, একসময় এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন। তিনি সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না।
লন্ডনে ‘এসকেটি ওয়েলফেয়ার’-এর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘ক্রিয়েটিভ টিমস’ আয়োজিত একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি তার অতীতের প্রেমে পড়ার সেই স্মৃতি স্মরণ করিয়ে দেন।
সাবা জানান, কয়েক বছর আগে তিনি এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন। তবে সেই ব্যক্তি বর্তমানে বিবাহিত। তিনি রহস্যময় সেই অভিনেতার নাম প্রকাশ করেননি।
অভিনেত্রী বলেন, বিষয়টি এখন ভাবলে তার কাছেও বেশ অদ্ভুত লাগে। তার ভাষ্য, "সে এখন বিবাহিত। পুরো বিষয়টি ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগে! কয়েক বছর আগের কথা, হয়তো দুই থেকে চার বছর আগে।" তিনি মনে করেন, তিনি হয়তো তার অভিনীত সিনেমার চরিত্রের প্রতিই আসক্ত হয়ে পড়েছিলেন।
সাবা আরও জানান, ওই ব্যক্তি টেলিভিশন নাটকের অভিনেতা নন, তিনি চলচ্চিত্রের একজন অভিনেতা। এ কথা বলার পরই তিনি মজার ছলে নিজের অভিনীত সিনেমার সংখ্যা নিয়ে মন্তব্য করেন। সাবা বলেন, তিনি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
অনুষ্ঠানের সঞ্চালক রসিকতা করে যখনই গুগলে তার সিনেমার তালিকা খোঁজার প্রস্তাব দেন, তখনই হেসে উঠে সাবা তাকে থামিয়ে দেন। তিনি বিষয়টি নিয়ে আর না ঘাঁটতে অনুরোধ জানান।
পুরোনো সেই ভালোবাসা বা ভালো লাগার ঘোর কীভাবে কাটল সে গল্পও সাবা মজার ছলে শুনিয়েছেন। নিজের ১৪ বছর বয়সী ভাগ্নির একটি মন্তব্যের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, "আমার ভাগ্নি আমাকে বলেছিল—‘খালা, তুমি জঙ্গলে কাজ করতে গিয়ে নির্জন পরিবেশ পেয়েছিলে, তাই হয়তো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল!’" ওর কথা শোনার পরই তার সেই ঘোর কেটে যায়।
মতামত (0)