স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে পর্যবেক্ষণ করেছেন। তিনি ঢাকার মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে এই পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
পর্যবেক্ষণকালে স্বাস্থ্যমন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা দেখেন। এছাড়াও তিনি লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন। কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি নজরে আসে মন্ত্রীর।
এ বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



মতামত (0)