জাতীয়

শেওড়াপাড়া থেকে নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেপ্তার

শেওড়াপাড়া থেকে নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেপ্তার
শেওড়াপাড়া থেকে নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেপ্তার
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে নিখোঁজ হওয়া সাত বছরের এক শিশুকে গতকাল শনিবার শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুথী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে নিখোঁজ হওয়া সাত বছরের এক শিশুকে গতকাল শনিবার শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। দুদিন আগে অচেনা এক নারীর হাত ধরে শিশুটি নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় যুথী আক্তার (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিশুটি তার পূর্ব শেওড়াপাড়ার বাসার কাছে খেলছিল। শিশুটির বাবা সিএনজি অটোরিকশার চালক। পরে শিশুটি আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবার রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি থেকে কালো সালোয়ার-কামিজ পরা এক তরুণী শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে ওই নারী শিশুটিকে নিয়ে একটি রিকশায় উঠেন। শিশুটির পরিবারের সদস্যরা জানান, তারা সন্দেহভাজন ওই নারীকে চেনেন না।

নিখোঁজ শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, শিশুটিকে হাত ধরে নিয়ে যাওয়ার ধরন দেখে মনে হয়েছে, শিশুটি ওই নারীকে আগে থেকেই চিনত।

পুলিশ একের পর এক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই নারী আর শিশুটির গতিপথ অনুসরণ করে। প্রাথমিক তদন্তে কাফরুল থানা–পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই নারী শরীয়তপুরের দিকে অবস্থান করছেন।

গতকাল শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয় এবং যুথী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...