সংসদে সরকারি দলের উপনেতার পদ নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে। সংসদ নেতার পাশের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দেখা যাওয়ায় এই আলোচনা শুরু হয়েছে। সাধারণত সংসদ নেতার পাশে সংসদ উপনেতার আসন নির্ধারিত থাকে।
সংসদ বিশেষজ্ঞরা বলছেন, সংসদ নেতার পর সংসদ উপনেতার পদটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দলের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ নেতাদের এই পদে নিয়োগ দেওয়া হয়। তবে সংসদ নেতার পাশের আসনেই সংসদ উপনেতাকে বসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সংসদ নেতা যাদের কাছ থেকে সংসদ কার্যক্রমে বেশি সহযোগিতা নিতে চান, তাদেরকেই তার কাছের আসনে বসার ব্যবস্থা করে থাকেন।
এর আগে সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন। তখন তাকে সরকারি দলের উপনেতা হিসেবে ধরে নেওয়া হয়েছিল, যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল তার মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে।
মির্জা ফখরুলের আসনে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বসতে দেখা যাচ্ছে। এই নতুন আসনবিন্যাস নিয়ে বিএনপি ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এটি কেবল নিয়মিত আসন পুনর্বিন্যাস নাকি সালাহউদ্দিন আহমদকে সংসদে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার প্রস্তুতি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এখনো সালাহউদ্দিন আহমদকে সংসদ উপনেতা করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। জাতীয় সংসদের ওয়েবসাইটে ত্রয়োদশ সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর তালিকাতেও বর্তমানে সংসদ উপনেতার নাম উল্লেখ নেই। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে দেখানো হয়েছে।
সংসদ উপনেতার দায়িত্ব নিয়ে রাজনৈতিক আলোচনায় কিছুটা বিভ্রান্তি রয়েছে। সংসদ উপনেতা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার সাংবিধানিক বা নির্বাহী দায়িত্ব পালন করেন না। সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর মাধ্যমে বা তার কর্তৃত্বে প্রয়োগ হয়। প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার বিষয়টি সংবিধানের ৫৭ অনুচ্ছেদে আলাদাভাবে নির্ধারিত।
সংসদের সরকারি ব্যাখ্যায় উপনেতার ভূমিকা হলো সংসদ নেতাকে সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন-সংক্রান্ত কাজে সহায়তা করা। পদটি মূলত সংসদের ভেতরে নেতৃত্বের সঙ্গে সম্পর্কিত; এটি প্রধানমন্ত্রীর নির্বাহী দায়িত্বের বিকল্প নয়। ফলে সালাহউদ্দিন আহমদ ভবিষ্যতে সংসদ উপনেতা হলে এর তাৎপর্য হবে সংসদে সরকারের রাজনৈতিক ও আইন প্রণয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীকে সহায়তা করা।



মতামত (0)