ছয় দফা দাবি আদায়ে আগামীকাল ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচিতে যেকোনো ধরনের বাধা বা হামলা হলে কঠোর প্রতিরোধের পাশাপাশি দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে আয়োজিত এই লংমার্চ সফল করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নিয়েছে জোটটি।
লংমার্চ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। দেশের মানুষের অধিকার নিশ্চিত করা এবং জনমত গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারে যে দলই থাকুক, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
হামিদুর রহমান আযাদ জানান, গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদ, আদেশ ও গণভোট অনুষ্ঠিত হলেও সরকার জনগণের সেই ম্যান্ডেট বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।
অন্যদিকে, সরকারি দল বিএনপির নেতারা রাজপথে কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে এবং সরকারের কাছে সংকট সমাধানের বাস্তবসম্মত পরামর্শ দেওয়া উচিত।
রিজভী আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে তৈরি হয়েছে। তাই সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোরও সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। তিনি মন্তব্য করেন, আন্দোলন ও কর্মসূচি গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি করা দেশের জন্য ভালো নয়।



মতামত (0)