জাতীয়

সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের

সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের
সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট এবং মূল্যস্ফীতির সমাধান করতে না পারলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশে বিদ্যমান বিভিন্ন সংকটের সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। সরকার ইউক্রেন যুদ্ধ বা ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায়।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব এ কথা বলেন। গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

আতাউর রহমান বলেন, কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

সমাবেশে আতাউর রহমান আরও বলেন, নির্বাচনের পর ছয় মাস পার হয়েছে। সরকার কোনো ধরনের সংকট উত্তরণ করতে পারেনি, বরং জনগণকে নতুন নতুন সংকটের সম্মুখীন করেছে। তারা এমন কোনো কাজ করতে পারেনি, যার মাধ্যমে জনগণ আশ্বস্ত হতে পারে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বর্তমানে জ্বালানিসংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে এবং হাজার হাজার মানুষ বেকার হচ্ছেন। বিদ্যুতের সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। গ্যাসের কারণে বাসাবাড়ির রান্না বন্ধ হয়ে যাচ্ছে ও কারখানা বন্ধ হচ্ছে।

বেকারত্বের কারণে চুরি, ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগরজীবনকে আতঙ্কিত করে তুলছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে। তিনি বলেন, সংকটের কারণ যা-ই হোক না কেন, রাষ্ট্রের সংকট সমাধান করাই সরকারের কাজ।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের স্থলে যোগ্যদের দায়িত্ব দিতে হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...