দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গতকাল সোমবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানান। এই পূর্বাভাস গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
ঐ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা ছিল। এই ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে।



মতামত (0)