পরিবেশসুন্দরবন থেকে সব ক্ষতিকর স্থাপনা সরানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
সুন্দরবন থেকে সব ক্ষতিকর স্থাপনা সরানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবন রক্ষায় ক্ষতিকর সবকিছু অপসারণের কথা জানিয়েছেন এবং শিল্পকারখানা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবন রক্ষায় ক্ষতিকর সবকিছু অপসারণের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামীতে সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রতিমন্ত্রী গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এবং একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু সুন্দরবন নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা পৃথিবীর জন্যই বৃক্ষায়ন প্রয়োজন। বাংলাদেশ পৃথিবীর একটি অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য কাজ করছে। এ কাজে বিভিন্ন আন্তর্জাতিক তহবিল ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। এসব অর্থ ও উদ্যোগ যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে প্রতিটি স্কুল-কলেজকে পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত করার উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা ওয়াসার চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহমেদ, একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রেগুলেটরি এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির এবং খুলনার বন সংরক্ষক মো. ইমরান আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্ট আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত (0)