রাজধানীর আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আদাবর থানা পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিম (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় সক্রিয় ছিলেন। তারা চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন।



মতামত (0)