জাতীয়

আট মাস পর লিবিয়াপ্রবাসীর মরদেহ ফিরল গ্রামে

আট মাস পর লিবিয়াপ্রবাসীর মরদেহ ফিরল গ্রামে
আট মাস পর লিবিয়াপ্রবাসীর মরদেহ ফিরল গ্রামে
লিবিয়ায় মৃত তরিকুল ইসলামের মরদেহ আট মাস পর গতকাল শনিবার জয়পুরহাটের গ্রামের বাড়িতে পৌঁছেছে। আইনি ও প্রশাসনিক জটিলতায় মরদেহ দেশে ফিরতে দেরি হয়।

লিবিয়ায় মারা যাওয়া তরিকুল ইসলামের মরদেহ আট মাস পর গতকাল শনিবার জয়পুরহাটের গ্রামের বাড়িতে পৌঁছেছে। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। তারিকুল ইসলাম (২৫) ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের অভাব-অনটন দূর করতে তিনি প্রায় সাত বছর আগে লিবিয়ায় যান।

স্বজনেরা জানান, গত ৩ জানুয়ারি লিবিয়ায় অসুস্থ হয়ে তরিকুলের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছিল। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে সেই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। আট মাস ধরে পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন, শেষ পর্যন্ত তরিকুলের মরদেহ দেশে ফিরবে কি না।

গতকাল শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিকেল চারটার দিকে মরদেহ তার জয়পুরহাটের গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে আসার পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন।

বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন বলেন, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণেই তার মরদেহ দেশে ফিরতে দেরি হয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...