ভারত থেকে বাংলাদেশে আসা ২২ বছর বয়সী এক নারীকে ১০ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাঈম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কানাইঘাট থানার পুলিশ সীমান্তবর্তী দুর্গম দনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাঈম উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনাপাত্তিছড়া গ্রামের আব্দুর রহমান ডালু মিয়ার ছেলে।
এর আগে বুধবার কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। নাঈম উদ্দিন এই মামলার ২ নম্বর আসামি। উদ্ধার করা নারীকে নিরাপত্তা হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শেরপুর সদর উপজেলার বাসিন্দা। প্রায় নয় মাস আগে তিনি সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে তিনি হায়দ্রাবাদে কাপড়ের ব্যবসা করতেন।
গত ২০ আগস্ট বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে এক স্বজনের সহায়তায় হায়দ্রাবাদ থেকে ভারতের সীমান্তবর্তী নন্দনপুর এলাকায় যান ওই নারী। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তার সঙ্গে থাকা ওই স্বজনকে আটক করে নিয়ে যায়। পরে ওই নারী কান্নাকাটি করলে বিএসএফ তাকে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।



মতামত (0)