রুবাইয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ গত রবিবার ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে প্রদর্শিত হয়েছে। এটি ভেনিসে প্রদর্শিত প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমাটির প্রিমিয়ারের আগে অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন। ছবিতে সুনেরাহ্ বিনতে কামাল, জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রুবাইয়াত হোসেন এবং রিকিতা নন্দিনী শিমু উপস্থিত ছিলেন।
সিনেমাটির প্রিমিয়ারের পর একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এর প্রশংসা করেছে। ইন্ডিওয়্যার তাদের পর্যালোচনায় ‘সৌন্দর্যের আয়নায় ভয়, সম্ভাবনার অপূর্ণ গল্প’ শিরোনামে লিখেছে যে, বিয়ের আগে বিউটি পারলারে সাজগোজ সাধারণত আনন্দ ও নতুন জীবনের প্রস্তুতির ছবি হলেও এই সিনেমা সেই ঝলমলে আয়োজনকে ধীরে ধীরে আতঙ্কের জায়গায় পরিণত করে। রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সেই অস্বস্তিকর আশঙ্কাকে কেন্দ্র করে নির্মিত।
ইন্ডিওয়্যার আরও উল্লেখ করেছে, ঢাকার একটি বিলাসবহুল বিউটি পারলারকে ঘিরে ছবির গল্প গড়ে উঠেছে। চিত্রগ্রাহক লিওনর তেলেসের ক্যামেরা সেই সৌন্দর্যের ওপর স্থির হয়, যেখানে দামি কাপড়, তাজা ফুল, আলোয় সাজানো আয়না এবং লাল-গোলাপি রঙের প্রাচুর্য রয়েছে। পারলারের বাইরের ঢাকা সম্পূর্ণ ভিন্ন, যেখানে শহরের জরাজীর্ণ রাস্তা, পথবাসী, হকার ও শিশু ভিক্ষুকদের দৃশ্য সেই বিলাসী জগতের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে।
নির্মাতা সিনেমায় যেভাবে বিউটি পারলার এবং বাইরের ঢাকার চিত্র দেখিয়ে বৈষম্য ফুটিয়ে তুলেছেন, তার প্রশংসা করা হয়েছে। রুবাইয়াতের সিনেমায় শ্রেণিবিভাজন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ছবিতেও গল্পের ভেতরে ধীরে ধীরে সেই বিভাজন জায়গা করে নিয়েছে।
ইন্ডিওয়্যার সিনেমাটির সঙ্গে কোরালি ফাজার আলোচিত বডি হরর সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ এর তুলনা করেছে। বিয়ের আগে জাইনিন চৌধুরীর নিখুঁত জীবনকে আরও নিখুঁত করে তোলার চাপ বাড়তে থাকে। পারলারের ম্যানেজার চরিত্রে আজমেরী হক বাঁধন অভিনীত চরিত্রটি জাইনিনের শরীরের প্রতিটি তথাকথিত ত্রুটি খুঁজে বের করে।
এরপর ক্লান্তিকর সৌন্দর্যচর্চার এক দীর্ঘ প্রক্রিয়া শুরু হয়। কাটা মাংস, রক্তাক্ত নখ, গালে সুচ, রক্তের ইনজেকশন কিংবা ক্ষতবিক্ষত ত্বকের দৃশ্য সহ সৌন্দর্যের নামে শরীরের ওপর চালানো এক নির্মমতার ছবি তৈরি হয়। ক্রমশ দমবন্ধ হয়ে আসা পরিবেশ এবং শরীরকে নিখুঁত করে তোলার নির্মম চাপ মিলিয়ে এই ছবিতে ‘দ্য সাবস্ট্যান্স’ এর মিল পাওয়া যায়।



মতামত (0)