খেলাধুলাভোজিনিয়ার জন্য নিয়ম পরিবর্তন, তবু আগমন অনিশ্চিত
ভোজিনিয়ার জন্য নিয়ম পরিবর্তন, তবু আগমন অনিশ্চিত
চিলির ফুটবল অ্যাসোসিয়েশন ভোজিনিয়ার জার্সিতে ডাকনাম ব্যবহারের নিয়ম পরিবর্তন করেছে, কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতায় তাঁর আগমন এখনো অনিশ্চিত।
চিলির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার জন্য তাদের নিয়মে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ফলে ভোজিনিয়া চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিলে জার্সিতে নিজের ডাকনাম ব্যবহার করতে পারবেন। পূর্বে দেশটির নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার জার্সিতে ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারতেন না।
বিশ্বকাপ ফুটবলে চমক দেখানো ভোজিনিয়ার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। তাঁর জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি চেয়ে চিলির শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিরা একজোট হয়ে আবেদন করেছিলেন। গত শুক্রবার চিলির শীর্ষ ফুটবল লিগ প্রিমেরা ডিভিশন পরিচালনাকারী সংস্থা এএনএফপি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে।
তবে জার্সির বিষয়টি সমাধান হলেও ভোজিনিয়াকে নিয়ে জটিলতা কাটেনি। চিলিতে তাঁর পৌঁছানো নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো এক সপ্তাহ আগে ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার তাঁর সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল। ভিসাসংক্রান্ত জটিলতায় তাঁর যাত্রা পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়, কিন্তু সেদিনও তিনি বিমানে ওঠেননি। এতে ক্লাব ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
এমন পরিস্থিতিতে কোলো কোলোর পরিচালক হেইমে পিসারো জানান, ভোজিনিয়ার সঙ্গে চুক্তি বাতিল হয়নি। তিনি বলেন, কয়েক মিনিট আগেও তারা তাঁর এজেন্টের সঙ্গে কথা বলেছেন। পিসারো আরও জানান, কিছু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য ভোজিনিয়া অতিরিক্ত সময় চেয়েছেন, তবে তিনি সমস্যাগুলো নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা স্বীকার করেন, ভোজিনিয়ার সঙ্গে চুক্তিতে এখনো সই হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, জার্সিতে নিজের ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়াই চুক্তিতে সই করার ক্ষেত্রে ভোজিনিয়ার অন্যতম প্রধান শর্ত ছিল।
গত শুক্রবার কোলো কোলোর কোচ ফের্নান্দো ওরতিজ জানান, ভোজিনিয়ার সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে। সংবাদ সম্মেলনে ওরতিজ বলেন, "আমাদের কথা হয়েছে। এটুকু বলতে পারি, তিনি চিলিতে আসা নিয়ে বেশ খুশি।" তিনি আরও যোগ করেন, ভোজিনিয়া খুব একটা আবেগ প্রকাশ না করলেও এখানে আসা নিয়ে রোমাঞ্চিত এবং তাঁর ব্যক্তিগত বিষয় দেখাশোনার জন্য আছে।
ওরতিজ আরও বলেন, "আমাদের লিগে তাঁর মতো তারকাকে নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক।" তিনি আশা প্রকাশ করেন, ভোজিনিয়া দ্রুত সব ঝামেলা কাটিয়ে উঠবেন, যাতে তাঁকে দলে পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও চিলিতে যাওয়া নিয়ে ভোজিনিয়া নিজে এখনো কিছু বলেননি। তবে কোচ ওরতিজ এই বিষয়ে উদ্বিগ্ন নন এবং জোর দিয়ে জানিয়েছেন সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে।
মতামত (0)