জাতীয়বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে: শফিকুর রহমান
বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটি পূরণ করেনি। তিনি গতকাল শনিবার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম লং মার্চে যোগদানের আগে এক পথসভায় এই মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি। তিনি মন্তব্য করেন, সরকার জনগণের জন্য মাত্র দুই-একটি কার্ড বিতরণ করা ছাড়া আর কিছুই করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটে দেশের মানুষ শান্তিতে নেই।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছয় দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম লং মার্চে যোগদানের আগে সীতাকুণ্ড পৌর সদরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এই পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়া ১১ দলীয় জোটের অন্য কোনো নেতা বক্তব্য দেননি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার মানুষের মৌলিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তিনি অভিযোগ করেন, এখন দেশের টাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পকেটে যাচ্ছে। দেশের স্বার্থে এই পকেটগুলো বন্ধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেইমানি করেছে জুলাই যোদ্ধাদের সঙ্গে। ক্ষমতায় আসার আগে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। যে জুলাই সনদকে সামনে রেখে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তারা সেই সনদকে অস্বীকার করছে।
জামায়াতের আমির আরও বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় তারা ছেড়ে দেবেন না। এই দাবি আদায় করে ছাড়বেন বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন। লংমার্চকে সফল করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। লাখ লাখ মানুষের এই সমাগমের একটি উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যের বন্দরে তাদের জাহাজ ভিড়ে গেছে বলে ডা. শফিকুর রহমান জানান।
মতামত (0)