জাতীয়

রাজধানীর উত্তরায় দুই হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় দুই হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় দুই হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
গতকাল শনিবার রাজধানীর উত্তরায় দুটি পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম লি শিং চিয়াং, অপরজনের পরিচয় এখনো মেলেনি।

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গতকাল শনিবার চীনের দুই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি আলাদা আবাসিক হোটেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের নাম লি শিং চিয়াং, যার বয়স আনুমানিক ৪০ বছর।

অপর চীনা নাগরিকের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে লি শিং চিয়াংয়ের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে ৪ নম্বর সেক্টরের মেরিনো হোটেল থেকে আরেকজনের মরদেহ পাওয়া যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, গতকাল সকালে বেঙ্গল হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিং চিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখেন একই হোটেলের অন্য দুটি কক্ষে থাকা তিন চীনা নাগরিক। তারা তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি খালিদ মনসুর আরও জানান, হোটেল মেরিনো থেকে উদ্ধার হওয়া অপর চীনা নাগরিকের মরদেহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কেউ একজন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

হোটেল মেরিনোর আইটি ও এইচআর ম্যানেজার মোদাচ্ছেরের দেওয়া তথ্য অনুযায়ী, ওই চীনা দলটি ঢাকায় একটি টেক্সটাইল বা ফেব্রিকস প্রদর্শনীতে অংশ নিতে হোটেলটিতে অবস্থান করছিল। গতকাল ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে হোটেল কর্তৃপক্ষ গুরুতর অসুস্থ অবস্থায় ওই চীনা নাগরিককে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও সুমন চন্দ্র দুই চীনা নাগরিকের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তারা জানান, দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লি শিং চিয়াংয়ের ক্ষেত্রে মদ পানের আলামত পাওয়া গেছে।

তবে অজ্ঞাত ব্যক্তির মরদেহে এমন কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ওসি খালিদ মনসুর লি শিং চিয়াংয়ের মৃত্যুর কারণ প্রসঙ্গে বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অতিরিক্ত মদ্যপান ও এর ফলে সৃষ্ট শারীরিক জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য যে তিনজনকে থানায় আনা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশের অন্যান্য থানায়ও মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দুই চীনা নাগরিক কবে এবং কী কারণে ঢাকায় এসেছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি ঘটনার প্রতিটি দিক নিবিড়ভাবে খতিয়ে দেখছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...