সারাদেশবিরোধীদলীয় উপনেতার সার্কিট হাউস ত্যাগ, উইপোকা কক্ষে রাত্রিযাপন সম্ভব হয়নি
বিরোধীদলীয় উপনেতার সার্কিট হাউস ত্যাগ, উইপোকা কক্ষে রাত্রিযাপন সম্ভব হয়নি
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বরাদ্দ করা কক্ষে উইপোকা থাকায় কুমিল্লা সার্কিট হাউস ছেড়ে চলে যান। দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় তিনি মধ্যরাতে সার্কিট হাউস ত্যাগ করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে রাত্রিযাপন করেননি। কক্ষে উইপোকার সমস্যার কারণে তিনি শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে সার্কিট হাউস ত্যাগ করেন।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি হিসেবে কুমিল্লা এসেছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এই লংমার্চের পথসভা চৌদ্দগ্রামে হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। তার জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়েছিল।
রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি প্রচুর উইপোকা দেখতে পান। কক্ষের আলমারির ভেতরে থাকা বালিশ, কম্বল রাখার স্থানসহ কয়েকটি জায়গায় উইপোকার বাসা ও বিপুল পরিমাণে উইপোকা ছিল। এতে অসুবিধাবোধ করে তার সহকারী একান্ত সচিব কক্ষ পরিবর্তনের জন্য সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে অনুরোধ করেন।
আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান জানান, বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে তিনি কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এসএমএসের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন এবং শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে চলে যান।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন অব্যবস্থাপনা দুঃখজনক। একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে সমস্যা দেখা দেওয়ার পরও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন। পরে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, রাতে সার্কিট হাউস থেকে এনডিসিকে কল করে বিরোধীদলীয় উপনেতার কক্ষে একটু সমস্যার কথা জানানো হয়েছিল। এনডিসি তাৎক্ষণিকভাবে কর্মরতদের কক্ষ পরিবর্তনের ও সমস্যাযুক্ত কক্ষ পরিষ্কার করার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এর মধ্যেই সার্কিট হাউস থেকে এনডিসিকে আবার ফোন করে জানানো হয় যে, বিরোধীদলীয় উপনেতা চলে গেছেন। তিনি মনে করেন, এনডিসি বা জেলা প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এই ঘটনার পর সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে এবং জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত (0)