বিয়ের পুরনো ছবি প্রকাশ করে ওমর সানীর আবেগঘন বার্তা

বিয়ের পুরনো ছবি প্রকাশ করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের পুরনো ছবি প্রকাশ করে ওমর সানীর আবেগঘন বার্তা
চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মৌসুমীর সঙ্গে তাঁর তিন দশক পুরনো বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটির সঙ্গে তিনি তাঁর শ্বশুর-শাশুড়িকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮০’র দশকের ট্রেন্ড যখন আলোচনার কেন্দ্রে, তখনই নব্বই দশকের পুরনো একটি ছবি প্রকাশ করে চমক সৃষ্টি করেছেন চিত্রনায়ক ওমর সানী। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি তাঁর ও চিত্রনায়িকা মৌসুমীর বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই ছবিতে নবদম্পতি ওমর সানী ও মৌসুমীকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

বিয়ের অনুষ্ঠানে ওমর সানীকে আংটি পরিয়ে দিচ্ছেন তাঁর শাশুড়ি মা, পাশে উপস্থিত ছিলেন শ্বশুর সাহেব। ছবিটি পোস্ট করে ওমর সানী লিখেছেন, “আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।” তিনি প্রয়াত শ্বশুরকে স্মরণ করে আবেগ প্রকাশ করেন। অভিনেতা লিখেছেন, “এই ছবিতে আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।”

চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ওমর সানীর দাম্পত্য জীবন এরই মধ্যে ৩১ বছর অতিক্রম করেছে। গত ২ আগস্ট ছিল এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী। ১৯৯৫ সালের ২ আগস্ট তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই সন্তান রয়েছে।

ওমর সানী ও মৌসুমী প্রথমবার জুটি বেঁধেছিলেন দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমায়, যা ১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এরপর তাঁরা ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’সহ আরও বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

এদিকে, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে তিনি সেখানে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...