সারাদেশব্যাংকে টাকা তুলতে না পেরে আমানতকারীদের বিক্ষোভ, মাকে চিকিৎসা করাতে না পারার আক্ষেপ
ব্যাংকে টাকা তুলতে না পেরে আমানতকারীদের বিক্ষোভ, মাকে চিকিৎসা করাতে না পারার আক্ষেপ
চট্টগ্রামের হালিশহরে একটি ব্যাংকের জোনাল অফিসে আমানতকারীরা টাকা তুলতে না পেরে বিক্ষোভ করেন। এক আমানতকারী মাকে চিকিৎসা করাতে না পারার কথা বলে কান্নায় ভেঙে পড়েন।
সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার মা মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং তিনি তার চিকিৎসা করাতে পারছেন না। এই সময় ব্যাংকের কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
আজ সোমবার নগরের হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এই ঘটনা ঘটে। মো. আলাউদ্দিনের মতো অনেক আমানতকারী টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে ব্যাংকের জোনাল অফিসে জড়ো হন। তারা সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে একটি বিক্ষোভ সমাবেশ করেন।
আমানতকারীরা বলেন, নিজেদের জমা করা টাকা প্রয়োজনের সময় তুলতে না পারায় তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। বিশেষ করে চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারায় অনেকেই সংকটে পড়েছেন। তারা হেয়ার কাট বাতিল ও টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ তোলেন।
মো. আলাউদ্দিন আরও জানান, কয়েক দিন আগে তার অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে আমানতের টাকা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তা তুলতে না পারায় তিনি মায়ের চিকিৎসা করাতে পারছেন না। এই অসহায়ত্বের কারণে তিনি সমাবেশে কান্নায় ভেঙে পড়েন।
সংগঠনটির নেতারা গত ১০ থেকে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন। তারা আমানতকারীদের সমস্যার কথা শুনেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ ব্যাংকিং সেবা নিতে গিয়ে গ্রাহকেরা অসহযোগিতার মুখে পড়ছেন।
আজকের কর্মসূচিতে কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশ নেন। অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে না পেরে ভোগান্তির মধ্যে রয়েছেন। অনেক গ্রাহকের জরুরি প্রয়োজন থাকলেও তারা প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না।
শারমিন আক্তার দ্রুত এই অবস্থার সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার এবং অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন।
কর্মসূচিতে আমানতকারীদের বিভিন্ন অভিযোগ নিয়ে জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতারা। আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
মতামত (0)