ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘আভাস’ পত্রিকাটি সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এই সংখ্যায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পত্রিকার সহ সম্পাদক আশফাকউল্লাহ আসিফ সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদদীন খান, এজিএস মুহা: মহিউদ্দিন খান, জিএস এস এম ফাহাদ এবং ভিপি সাদিক কায়েম বক্তব্য দেন।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার জানান, এই সংখ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী সংখ্যাগুলোতে জুলাইয়ের বিষয়সহ সাহিত্যের অন্যান্য বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
পত্রিকাটির প্রকাশনা বিলম্বিত হওয়ার বিষয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ উল্লেখ করেন, বইটি আরও অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ব্যক্তিগত ও বেসরকারি উৎস থেকে অর্থের ব্যবস্থা করে পত্রিকাটি প্রকাশের উপযোগী করতে অনেক সময় লেগেছে। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আশা প্রকাশ করেন, বাকি দুই সংখ্যাও শিগগিরই প্রকাশিত হবে। তিনি জানান, আপাতত শিক্ষার্থীরা ডাকসু থেকে ‘আভাস’ সংগ্রহ করতে পারবেন এবং ভবিষ্যতে বিভিন্ন অনলাইন মাধ্যমে পত্রিকাটি পাওয়া যাবে। তিনি এই পত্রিকায় যারা লেখা দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং প্রকাশের পিছনে শ্রম দিয়েছেন, বিশেষ করে সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, খন্দকার নূর হোসাইন, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ এবং সুহাইল মাহদীন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, সাহিত্য পত্রিকা প্রকাশ করা ডাকসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি ছিল। তিনি পত্রিকা প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা না থাকলে এই প্রকাশনাটি আরও অনেক আগেই প্রকাশ করা সম্ভব হতো বলে তিনি উল্লেখ করেন।



মতামত (0)