শিক্ষা

শিক্ষকদের দলাদলি বন্ধ করে শিক্ষার পরিবেশ গড়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

শিক্ষকদের দলাদলি বন্ধ করে শিক্ষার পরিবেশ গড়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
শিক্ষকদের দলাদলি বন্ধ করে শিক্ষার পরিবেশ গড়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষকদের দলাদলি ও বিভাজনের রাজনীতি পরিহার করে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষকতার মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষকদের দলাদলি ও বিভাজনের রাজনীতি পরিহার করে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষকতার মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আজ মঙ্গলবার তিনি এই আহ্বান জানান।

রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ের ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। ঢাকা জেলার ২৫টি কলেজের ৩৫৭ জন শিক্ষার্থী গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ও বিতর্কসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের উদ্দেশে বলেন, "দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন।" তিনি আরও বলেন, "গত ১৭ বছরের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। এখন সামনে তাকানোর সময়।" তিনি সরকারের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা বলেন।

শিক্ষকতাকে শুধু জীবিকার পেশা নয়, বরং সম্মান, দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মহান সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অর্থবিত্তের চেয়ে সম্মান ও মানুষের জন্য কাজ করার সুযোগকে গুরুত্ব দিয়ে অনেকে শিক্ষকতা পেশা বেছে নেন বলে তিনি উল্লেখ করেন।

দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব নেওয়ার পর এ পেশার সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক শিক্ষকের দায়িত্ব। শিক্ষকতার পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে তিনি আহ্বান জানান, যা এ পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

শিক্ষাব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে শিক্ষকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে জানান উপাচার্য। তিনি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’, ‘গ্রিন ক্যাম্পাস’, দক্ষতাভিত্তিক শিক্ষা ও সৌরবিদ্যুৎভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার কথা বলেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যাত্রার অন্যতম লক্ষ্য।

শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করে অধ্যাপক ড. আমানুল্লাহ জানান, পিএইচডির জন্য স্কলারশিপের পরিমাণ ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি ফুল-টাইম ও পার্ট-টাইম এমফিল এবং গবেষণা সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। শিক্ষকদের নিজেদের দক্ষতা বাড়িয়ে সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উপাচার্য সাংস্কৃতিক চর্চা ও বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা সম্ভব নয়। সংস্কৃতি, বিতর্ক, সৃজনশীলতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশ তৈরি করা, যেখানে তারা আনন্দের সঙ্গে শিখবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে।

এই প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ের নির্বাচিত বিজয়ীরা পরে জাতীয় পর্যায়ে অংশ নেবেন।

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের মিডিয়া অ্যান্ড থিয়েটার স্টাডিজের সহকারী অধ্যাপক নওরীন সাজ্জাদ। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...