দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান, সুখবর জানালেন সামাজিক মাধ্যমে
সম্পাদক১৩ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান, সুখবর জানালেন সামাজিক মাধ্যমে
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। আজ রবিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ও স্ফীতোদরের ছবি প্রকাশ করেছেন।
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। শাহরুখ খানের বিপরীতে ‘রঈস’ সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ৪১ বছর বয়সি এই অভিনেত্রী আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মাহিরা একটি অত্যন্ত সাদামাটা ও ব্যক্তিগত ভঙ্গিতে এই সুখবর জানান। তিনি নিজের স্ফীতোদরের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাকে সাদা রঙের ঢিলেঢালা গাউনে এক হাত পেটের ওপর রেখে শান্ত ও হাসিমুখে পোজ দিতে দেখা যায়।
ছবির সঙ্গে মাহিরা লিখেছেন, ‘আমরা আমাদের মতো পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর উপরে থাকে ঈশ্বরের পরিকল্পনা।’ এই ঘোষণার পর থেকেই অনুরাগী থেকে শুরু করে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মুহূর্তেও মাহিরার সাজে কোনো চাকচিক্য ছিল না। ফুলহাতা সাদা গাউন, পেটে রাখা এক হাত আর মুখে প্রশান্ত হাসি—তার সাদামাটা উপস্থিতিই যেন বিশেষ মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে।
বর্তমানে মাহিরা খান কানাডার টরন্টোতে অবস্থান করছেন। টরন্টো চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি সেখানে গেছেন। উৎসবে একটি আলোচনাসভা সঞ্চালনার পাশাপাশি সিনেমায় তার অবদানের জন্য তাকে সম্মাননাও দেওয়া হয়েছে।
ব্যক্তিগত জীবনে মাহিরা খান ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন। তাদের সংসারে এটিই হতে যাচ্ছে প্রথম সন্তান। তবে এটি মাহিরার দ্বিতীয় মাতৃত্ব; তার প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছরের একটি ছেলে রয়েছে, যার নাম আজলান।
মায়ের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আজলানকে পাশে থাকতে দেখা গেছে। মাহিরার বিয়ের দিন মায়ের হাত ধরে তাকে অনুষ্ঠানের স্থানে পৌঁছে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
পাকিস্তানি বিনোদন অঙ্গনে মাহিরা খান একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি উপমহাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রঈস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।
পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে বলিউডে তার কাজের সুযোগ সীমিত হয়ে যায়। তবে তিনি ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’ ও ‘সুপারস্টার’-এর মতো উল্লেখযোগ্য কাজ দিয়ে পাকিস্তানি বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চেও তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।
অনাগত সন্তানের আগমনের খবরে অভিনেত্রী নিজে উচ্ছ্বসিত, আনন্দিত তার পরিবার ও অগণিত ভক্ত-অনুরাগী। মাহিরা এখন অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায় আছেন।
মতামত (0)